>

কল্যাণ মুখোপাধ্য়ায়

SongSoptok | 5/15/2016 |




************************


                    হঠাৎ করে আমার transfer হয়ে গেল ৷ ছিলাম উত্তরবঙ্গের একটি জেলার  S.P.  চলে এলাম কলকাতার অফিসে ৷ একদম অসময়ে বিনা মেঘে বজ্রপাত ৷ মাসখানেকের মধ্যে জেলার বাংলো ছেড়ে সপরিবারে চলে আসতে হবে কলকাতায় ৷ কপাল ভালো শহরতলীতে একটা ছোট্ট ফ্ল্যাট কেনা ছিলো ৷ কেনার পর থেকে যদিও সেখানে কোনোদিন পদধূলি পরেনি। স্ত্রীর দাবি ওই Flat  এ উঠতে হলে তাকে আপাদমস্তক  Remodel  করতে হব ৷ Make over আর কি ! নবরূপায়ন ৷ ঘরের ব্যাপারে ঘরণীই শেষ কথা - এই আপ্ত বাক্যটি মনে  রেখে, সহবাসিনীকে  (religion এর খোপটা শূন্য রাখি বরাবর - তাই সহধর্মিনী বলতে পারি না বোধহয়) নিয়ে এলাম নতুন flat-এ ৷

                   Flat এর দরজা খুলেই শুরু  হলো মহীয়সীর  নির্দেশনা।  "এই দেওয়ালটা ভেঙে ফেলতে হবে ৷ ওখানে একটা দরজা বসাতে হবে। এখানে এক সেট তাক করতে হবে ৷ তোমার ওই কয়েকশো বই কোথায় রাখবে বলো তো! ব্যালকনিতে কাঁচ বসাতে হবে ৷"  আমি পেছন পেছন একটা ছোটো নোটবুকে নোট নিতে থাকি  বাজার-সরকারের  মতো ৷ 

বাথরুমের দরজা খুলে কালীপটকার মতো ফেটে উঠলেন তিনি ,  "এটা বাথরুম ? এর চেয়ে তো ট্রেনের টয়লেট বড়ো হয় ! " 
   "কেন ? বাথরুমে তো একসাথে দুজন যাব না মনে হয় " --  আমি  একটু কৌতুকী হবার চেষ্টা করি ৷
    "না , না , চলবে না ৷ বাথরুমটা Extend করতে হবে ৷ দরকারে passage টা সরু করতে হবে ৷
    "Passage  সরু করা যেতেই পারে ৷ তবে তোমার ক্রমবর্ধমান স্বাস্থ্যোন্নতি  আশংকার কারণ হ'তে  পারে ৷"
 বারুদে আগুন পড়ার মতো জ্বলে উঠে তিনি বললেন  "বাজে বোকো না ৷ তাহলে তোমার ফেসবুকের তন্বী বান্ধবীদের নিয়েই থাকো ৷ সরু  passage এ দিব্যি গলে যাবে ৷ আর ঘুলঘুলি মার্কা বাথরুমেও অসুবিধা হবে না ৷" 
 ফেসবুক নিয়ে খোঁটা আমি "মুখে - বুকে"  মাখি না ৷ দার্শনিকের মুখ করে হজম করলাম ৷ 

প্রসঙ্গ পরিবর্তনের  আশায় বললাম  "রান্নাঘর দেখবে না ?" 
  "আরে  হ্যাঁ ! কিচেন ! কিচেন তো দেখতেই হবে ৷ কিচেনেই তো আমার অর্ধেকটা সময় কাটে ৷”

কিচেনে অবশ্য ঢুকতে হল না - বাইরে থেকে দেখেই এক্কেবারে তেলেবেগুনে জ্বলে উঠলেন প্রিয়তমা!
 “এটা কিচেন ? না ইঁদুরের গর্ত ?" 
 "Flat তো তোমার আটশো স্কোয়ার ফুটের ৷ তাতে আর কত বড় রান্নাঘর হবে ?"
"দেখো , কিচেন নিয়ে তুমি কিচিরমিচির  ক'রো না বলে দিচ্ছি ৷ এখন কিচেনের  concept বদলে গেছে ৷ আমার কিন্তু  open kitchen চাই" - আহা - গলায় তার  মধুচন্দ্রিমার আবদার!   
"Open kitchen ? কোথায় হবে সেটা ? terrace এ ? না কি balcony তে ? "
তিনি আমার মুখের দিকে এমন ভাবে তাকালেন যে  মনে হ'লো এ সুগভীর মুর্খতার এক অংশও টের পেলে আমায় বিয়ে করে জীবন জলাঞ্জলি দিতেন না ৷

আমার মনে পড়লো ছোটোবেলায় দুর্গাপুরে আমাদের single bedroom quarter  এর আট বাই আট ছোটো রান্নাঘর ৷ একদিকের  দেয়ালে ছিলো কয়েকটা তাক ৷ একটা জাল ঘেরা জানলা ৷ রান্নাঘরের  ভেতরে একটা সরু তারের জালঘেরা মিটসেফ ছিলো ৷ আর একটা তোলা উনুন কয়লার ৷ পাশে তার দোসর জনতাস্টোভ ৷  
Open kitchen? দরজা খোলা রাখলেই open নইলে closed. 

আমার ভাবনার জাল ছিঁড়ে গিন্নী বলে উঠলেন , "রান্নাঘরের এই সামনের দেওয়ালটা ভেঙে দাও ৷"
"সে আবার কি?  Drawing -cum-dining space টার থেকে kitchen এর কোনো আড়াল থাকবে না ? "
"কিসের আড়াল? আমি রাঁধতে রাঁধতেই  T.V. দেখবো ৷ Guest দের সাথে আড্ডা মারবো৷ এই ওভেন থেকে শুরু করে ওই ফ্রীজ যেখানে থাকবে সবটা জুড়েই আমার রান্নাঘর, মল্লিকার রান্নাঘর ৷"
" বাঃ ! মন্দ নয় ৷ কিন্তু আমার guest এলে বসবে কোথায় ? তোমার এই  extended kitchen - এ ? "
" মোটেই না ৷ তোমার study তে।  সবদিন তো আর লোক আসবে না ৷ আর যখন আসবে তুমি তো তখন বইয়ে মুখ ডুবিয়ে বসে থাকবে না ৷ " 
জোরালো যুক্তি ৷ বউ তো নয়, হাইকোর্টের  উকিল ৷ 

তবু মিনমিন করে বললাম , " এতবড় কিচেন ? এরপর তো আর লোককে বলতে পারবো না আমাদের ঘরে আসুন , বলতে হবে আমাদের রান্নাঘরে আসুন ৷"
" কথাটা মন্দ বলোনি এস.পি. সাহেব ৷ শুনেছো তো রবি ঠাকুরের কথাটা , জেনো বাসনার সেরা বাসা রসনায় ! তা তোমার রসনার বাসনাকে তৄপ্ত করতে হলে একটা জম্পেশ কিচেন দরকার - এটা মানো তো ?" 
আমি একটা জুত্সই জবাব খোঁজার আগেই তিনি হর্ষ ভোগলের মতো হুড়হুড় করে বলতে থাকলেন  - "Kitchen gives character to your home. রান্নাঘর দেখেই বোঝা যায় ঘরের মানুষের  রুচি,  সংস্কৄতি, পছন্দ ৷ তুমি হুসেন পছন্দ করো  না গনেশ পাইন? তোমার  রান্নাঘরের  tiles - এই বোঝা  যাবে ৷ তুমি কতটা নান্দনিক তা তোমার চামচের হাতলের ডিজাইনেই বোঝা যায় ৷ তোমার লবনদানি থেকে শুধু লবন বেরোবে না , সেটা জানান দেবে যে তুমি সুইজারল্যান্ড ঘুরে এসে ওটা নিয়ে এসেছো ৷ আচ্ছা শোনো এই ঘরটার কোন দিকটা কোন দিক ?"

মরেছে !!  প্রশ্নটা বুঝতেই কয়েক সেকেন্ড লাগলো ৷ তারপর কয়েক সেকেন্ড লাগলো প্রশ্নটা করার কারণ বুঝতে ৷ উত্তর তো জানা ৷কিন্তু উত্তরটা দেবো কি না সেটা বুঝে নিতে  আরো কয়েক সেকেন্ড সময় নিলাম ৷ এই ক্রমপর্যায়ে ভাবনা চিন্তা ক'রে উত্তর দেবার অভ্যেসটা আমি বিয়ের পরেপরেই রপ্ত করেছি ৷ 
বললাম  "জানলার দিকটা দক্ষিন ৷ "
 " বাঃ ! দক্ষিন-পূর্ব দিকে গ্যস ওভেন বসবে ৷ জানো তো ফেংশুই বলে অগ্নি থাকবেন দক্ষিন-পূর্বে?" 
 " ওঃ ৷  তোমার সেই লাফিং বুদ্ধ ? "
 " বুদ্ধ নয় , বুড্ঢা  , বুড্ঢা , কতবার বলেছি ৷ শোনো ওভেন বসবে ওদিকে। Induction cooker  নয় কিন্তু ৷ ওটা আগুন নয় ৷ " 
 " ওটা তবে কি ? " 
 " তুমি না বাংলায় পন্ডিত ? ওটা তাপ ৷ আগুন কিন্তু দর্শনধারী ৷ আহা ! Jackman কে দেখেছো ? আগুন একেবারে ! আমাদের রণবীরটাও কম যায় না ৷ " 
পঞ্চাশোর্ধ আমার গতযৌবন চেহারা, সাদাকালো পাতলা চুল ৷ তবু আঁতে ঘা লাগলো ৷
 "আমি কি ফেলনা? " 
 " না গো  , আমার মাইক্রোওয়েভ তো তুমি ৷  নাই বা হলে আগুন , গরম করতে জুড়ি নেই ৷ By the way , মাইক্রোওয়েভ টা এই কোনায় বসবে , হাতের নাগালে ৷ ওভেনের ওপরের দেওয়ালে টালি দিতে হবে ৷ "

" বেশ। লাল রংয়ের ৷" 
 " লাল ? রংটা বড্ড  passionate হয়ে যাবে  না? বছর কুড়ি আগে হলে চলত ৷ " 
 " তবে সাদা ? " 
 " না ৷ অতটা শান্ত এখনো হই নি গো ৷ ওটা  নাহয় বছর দশেক বাদে দিও ৷ " 
 " তবে ? হালকা  বেগুনী  ? " 
 " Purple ? Not  bad. একদিকে  fade হয়ে  ivory white হয়ে যাচ্ছে  - এমন একটা কিছু লাগিও ৷ মেজাজটা ধরা যাবে ৷ আর এই  cabinet  কিন্তু  change করতে হবে ৷ Modular kitchen cabinet  লাগবে ৷ "
" কেন? এতে বুঝি জিনিস রাখা যাবে না? আমার মায়ের তো শুধু কটা তাক ছিলো ৷ তবু রান্না কেমন হ'তো বলো ? " 
 " শোনো, ওসব কালিদাসের কাল গেছে ৷ সে তো এককালে রান্নাঘর বলেও কিছু ছিলো না ৷ মাঠে ঘাটে রান্না হ'তো ৷ " 
 " মায়ের রান্নাঘরে একটা তোলা উনুন আর  জনতা স্টোভ ছিলো ৷ " 
 " স্টোভ ?? খাবে তো ? খাবে স্টোভে করা কেরোসিনের গন্ধওয়ালা রুটি ? মুখে রুচবে তো ? " 

 জানি শাশুড়ির প্রশংসা বউ সহ্য করতে পারে না - তবু মুখ দিয়ে বেরিয়ে গেল -   "যাই বলো , তোমার  microwave , air frier , induction , convection , fridge ,  ice maker , coffee maker ....  উহ্  , এতো যন্ত্রীর চেয়ে যন্ত্র বেশী ৷ "
" তুমি এসবের কি বুঝবে! একবার  TLC দেখো ৷ যদি কিছু মাথায় ঢোকে ৷ রান্না এখন একটা শিল্প ৷  না ,  চপ -  শিল্প নয় ৷  art  .. art .. কিচেন এখন একটা artist's den ৷ আমি এখন শিল্পী ৷ যখন  মটন ডাকবাংলো করে সাজিয়ে এনে দেবো না ,  তুলতুলে খরগোশের মতো মটন, তখন বুঝবে গো এস.পি.সাহেব   !!  শোনো আমায় আরো দু একটা জিনিস কিনতে হবে কিন্তু ৷  " 

 " তা কেনো  , হাতের দক্ষতার অভাব যন্ত্রের কেরামতিতে  ঢাকতে হবে ৷ রান্নাঘর তো নয়, যেন কারখানা একটা ৷ তুমি বরং একটা হেলমেট প'রে বসে থেকো তোমার কিচেনে ৷ "

আমি  বিড়বিড় করি  ,  " পিলার , কাটার , মিক্সার , কুকার .... আমার আয়ের অর্ধেক কিচেনেই ঢুকে  যায়।  এত আয়োজন তবু মায়ের  হাতের  মতো শুক্তো, টকডাল আর আলুপোস্তো কোথায় ! "


[কল্যাণ মুখোপাধ্যায়]

Comments
5 Comments

5 comments:

Blogger Widgets
Powered by Blogger.