>

দেবাশীষ সরকার

SongSoptok | 3/10/2015 |




মেয়েকথা
চড়তেই হবে মই, ওরে মন,
সরতেই হবে বলে
মরতেই হবে সই, আমাদের –
গড়তেই হবে বলে।

ভরতেই হবে খাত, ওরে মন,
পড়তেই হবে বলে
ধরতেই হবে হাত, আমাদের –
লড়তেই হবে বলে।

ইন্দ্রানী
না, কোন কান্না নয়।
অনেক তো কাঁদলি
কেঁদে তো দেখলি
এতদিন ধরে কেঁদে – কেঁদে তো
বুঝেই যাবার কথা, যে
কেঁদে কিছুই হবার নয়।

নে ওঠ্, ওঠ্ তো,
জীবনটাকে কুড়িয়ে নে
ধুলো ঝাড়, শান দিয়ে নে

তারপর, চল্ ইন্দ্রানী
মুছে দিই বিধাতার বিছ্ছিরি দেওয়াললিখন !

রুকসানা
রাত্রি তৃতীয় প্রহরে
তৃতীয় খদ্দের যখন
আশ মেটাতে থাকে মত্ত আবেগে
নীচ-মহলে

রুকসানা তখন

কড়িকাঠে ছক এঁকে
কাটাকুটি খেলে যায়
দেওয়ালে সাঁটা ননীচোরার সাথে
হৃদ-মহলে

ঘরের স্বপ্ন দোল খায়
গণিকার ঝাপসা চোখে
আর আধময়লা খাটে

[দেবাশিষ সরকার]



Comments
0 Comments

No comments:

Blogger Widgets
Powered by Blogger.